কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ এ ০২:০৪ PM

বরইকান্দি এলাকার সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে: সিসিক প্রশাসক

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৫-০৬-২০২৬ আর্কাইভ তারিখ: ১৫-০৯-২০২৬

বরইকান্দি এলাকার সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে: সিসিক প্রশাসক

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “সিটি কর্পোরেশন জনগণের প্রতিষ্ঠান। জনগণের সেবা করাই আমাদের দায়িত্ব। বরইকান্দি এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা শুনতে এবং সরেজমিন পরিস্থিতি দেখতে এখানে এসেছি। পর্যায়ক্রমে এ এলাকার সব সমস্যা সমাধান করা হবে।”
সোমবার (১৫ই জুন) সিলেট সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের বরইকান্দি এলাকা পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
সকালে এলাকায় পৌঁছালে স্থানীয় অধিবাসীরা সিসিক প্রশাসককে স্বাগত জানান। এ সময় তিনি বরইকান্দি মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা তার কাছে তুলে ধরেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “বরইকান্দি সিলেটের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী এলাকা। নদীতীরবর্তী হওয়ায় এখানকার ঈদগাহটি ভাঙনের ঝুঁকিতে রয়েছে। নদীভাঙনের হাত থেকে ঈদগাহ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঈদগাহে পূর্ণাঙ্গ অযুখানার অভাব থাকায় ঈদের সময় মুসল্লিদের ভোগান্তিতে পড়তে হয়। ড্রেনেজ সমস্যাসহ এলাকার অন্যান্য সমস্যাও পর্যায়ক্রমে সমাধান করা হবে।”
উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তিনি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় বরইকান্দি শাহী ঈদগাহের মোতওয়াল্লি রইছ আলী, সাধারণ সম্পাদক ফয়জুল হক চৌধুরী, ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রায়হান হোসেন, কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমদ, আব্দুল হান্নান, শামসুল আমিন চৌধুরী, আব্দুর রাজ্জাক, নেছার আহমদ, মকসুদ মেম্বার, সাহেদুল ইসলাম বাচ্চু, হাবিবুর রহমান মাছুম, নুরুল ইসলাম রুহুল, কামাল হোসেন, সফির আহমদ কামাল, আব্দুস সালাম, রফিক মিয়া, আব্দুল আলীম, আহমদ সজল, নুরুল আমিন, জালাল উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন